https://www.voiceofpeople24.com/

4745

whole-country

হবিগঞ্জ

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, এনসিপি-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা

প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬ ১২:২০

হবিগঞ্জ পৌর এলাকায় একই সময় ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের ঘোষিত পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, এনসিপি ওইদিন বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময় ও স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল ‘শান্তি প্রতিষ্ঠার সমাবেশ’ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, জনসভা, মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি, পিকেটিং, মাইকিং, স্লোগানসহ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক অভিযোগ করেন, মঙ্গলবার প্রশাসনের উপস্থিতিতেই বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদেই বুধবারের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তার দাবি, কর্মসূচি ব্যাহত করতেই বিএনপি একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়েছে এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জে গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে, এনসিপির এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।