https://www.voiceofpeople24.com/
4747
politics
রাজনীতি
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬ ১৬:০৬
সিলেটের হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে নাসীরুদ্দীন দাবি করেন, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে দলীয় নেতারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় জেলা ছাত্রদলের একদল কর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তার ভাষ্য অনুযায়ী, এনসিপির মিডিয়া টিমের ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় এবং গাড়িচালক থেকে শুরু করে মিডিয়া কর্মীদেরও মারধর করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস ইসলামও আক্রান্ত হন। পাশাপাশি স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। তার অভিযোগ, কারও হাত, কারও পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেককে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা গেছে।
ঘটনাটিকে ‘ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত’ উল্লেখ করে তিনি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তি, তাদের সহযোগী এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির দাবি জানান তিনি।