https://www.voiceofpeople24.com/
4815
politics
রাজনীতি
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬ ১৩:২৫
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান দাবি করেছেন, দেশের বিভিন্ন গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে এবং ভারত পরোক্ষভাবে দায়ী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ‘খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ এ কর্মসূচির আয়োজন করে জাগপা।
রাশেদ প্রধান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে ভারত সরকার আওয়ামী লীগকে ব্যবহার করেছে। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই কৌশল বদলে এখন বিএনপিকে ব্যবহার করার চেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আশায় দেশের অনেক রাজনীতিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।
পিলখানা, শাপলা চত্বর, মোদীবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যার জন্য আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে এবং ভারত পরোক্ষভাবে দায়ী বলেও দাবি করেন তিনি।
ভারতের সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, সীমান্তে হত্যাকাণ্ড, অবৈধ পুশ-ইন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনে হস্তক্ষেপকারী কোনো রাষ্ট্রকে বাংলাদেশের বন্ধু বলা যায় না।
রাশেদ প্রধান আরও অভিযোগ করেন, দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আয়োজন এবং দলটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে ভারত সরকার দায় এড়াতে পারে না। তাঁর ভাষ্য, দিল্লি থেকে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে জাগপার আন্দোলন চলমান থাকবে এবং যারা ভারতকে প্রভু মনে করবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।