https://www.voiceofpeople24.com/

4399

politics

রাজনীতি

ধর্ষণ-হত্যার বিচার বিলম্বিত হলে লাভবান হয় অপরাধী: জামায়াত আমির

প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১০:৪০

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিচারপ্রক্রিয়ায় অযথা দীর্ঘসূত্রতা অপরাধীদেরই সহায়তা করে এবং ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে।

সোমবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির মা-বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আত্মস্বীকৃত ধর্ষক ও হত্যাকারীদের বিচার দীর্ঘায়িত হওয়া মানে তাদের প্রতি পরোক্ষ সহযোগিতা করা। তাই এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। দেশবাসী এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন হলে দেশের মানুষ স্বস্তি পাবে এবং সরকারের প্রতি আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের মতে, বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে ১৫ কর্মদিবসের মধ্যেই বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। এরপর দ্রুততম সময়ের মধ্যে মামলাটি উচ্চ আদালতে পাঠিয়ে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া উচিত।

এ ধরনের আত্মস্বীকৃত অপরাধীর পক্ষে কোনো আইনজীবী আদালতে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক বিভাজনের সুযোগ নেই। এটি মানবতা, ন্যায়বিচার ও সমাজের মর্যাদা রক্ষার লড়াই। বিচার বিলম্বিত হলে বা রায় কার্যকর না হলে সমাজের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে।

বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার কারণ হিসেবে তিনি দীর্ঘসূত্রতা, হস্তক্ষেপ এবং বিচারপ্রক্রিয়াকে কেন্দ্র করে নানা বিতর্কের কথা উল্লেখ করেন। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে ন্যায়বিচারের পরিবেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামী ৭ জুন শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে তিনি শুধু ওই শিশুর জন্য নয়, দেশের সব কন্যাশিশুর নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে সোচ্চার থাকবেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা।