https://www.voiceofpeople24.com/

4405

sports

ব্রাজিল ছয়ে, শীর্ষ লড়াইয়ে ফ্রান্স-স্পেন; আর্জেন্টিনার অবস্থান কত?

প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১৩:৫৩

২০২৬ ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই আলোচনায় আসছে অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা ও সম্ভাবনা। এরই মধ্যে দলগুলোর বাজারমূল্য নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুম।

খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, বয়স, সম্ভাবনা ও ট্রান্সফার বাজারের বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন করা হয়েছে।

প্রকাশিত তালিকায় প্রায় ১ দশমিক ৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪১ বিলিয়ন ইউরো, আর ১ দশমিক ৪০ বিলিয়ন ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে জার্মানি ও পর্তুগালও। এই দুই দলের স্কোয়াডের বাজারমূল্যও এক বিলিয়ন ইউরোর বেশি।

অন্যদিকে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। কার্লো আনচেলত্তির অধীনে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে গড়া সেলেসাওদের স্কোয়াডের আনুমানিক বাজারমূল্য ৯৪১ মিলিয়ন ইউরো। ব্রাজিল দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১২৮ মিলিয়ন ইউরো।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে অষ্টম স্থানে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেদের স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ৭৩৯ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।