https://www.voiceofpeople24.com/
4404
law-and-courts
রামিসা হত্যা
প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১৩:৪১
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আগামী বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।
আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বিচারক প্রধান আসামি সোহেল রানার কাছে জানতে চান, তার কিছু বলার আছে কি না। জবাবে সোহেল বলেন, “আমি নির্দোষ স্যার। আমার সঙ্গে যে ছিল, ডলার, তাকে আপনারা ধরেন। আমি দোষ করিনাই তা-না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোট ছাওয়াল আছে। আমার বউটা একদম নির্দোষ।”
অপর আসামি স্বপ্না আক্তারের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছু করিনাই, আমি নির্দোষ।”
পরে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বেলা ১১টা ২৫ মিনিটে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়।
এর আগে সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। পরে পৃথক সময়ে আদালতে হাজির করা হলে সকাল ১১টা ১০ মিনিটে শুনানি শুরু হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু এবং ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। আসামিপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুছা কালিমুল্যাহও আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুন মামলার বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন ট্রাইব্যুনাল। পরে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেন।