https://www.voiceofpeople24.com/
4402
national
রামিসা হত্যা
প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১২:১৯
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আগামী বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।
এদিন সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক মামলার সাক্ষীদের জবানবন্দি সোহেল রানাকে পড়ে শোনান এবং তার বক্তব্য জানতে চান।
জবাবে সোহেল রানা বলেন, “আমি নির্দোষ স্যার। আমার সঙ্গে যে ছিল, ডলার, তাকে ধরেন। আমি দোষ করি নাই তা-না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোট ছাওয়াল আছে। আমার বউটা একদম নির্দোষ।”
অন্যদিকে স্বপ্না আক্তার আদালতে বলেন, “আমি কিছু করি নাই, আমি নির্দোষ।”
পরে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুন মামলার বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। পরে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর আগে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেছিলেন।