https://www.voiceofpeople24.com/
4581
national
প্রকাশিত : ২৭ জুন ২০২৬ ১৫:৫৪
মালয়েশিয়া ও চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্যের’ দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করেছে জাতীয় সংসদ। শনিবার (২৭ জুন) সংসদের বৈঠকের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সংক্ষিপ্ত আলোচনা শেষে কণ্ঠভোটে তা গৃহীত হয়। তবে প্রস্তাব পাসের সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।
আলোচনায় মির্জা ফখরুল বলেন, ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে সংবর্ধনা গ্রহণের প্রচলিত সংস্কৃতি বন্ধ করে নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সফর বাংলাদেশের স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন। চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
প্রস্তাবের আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সমর্থন জানান। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ আরও শক্তিশালী করবে।
এরপর কণ্ঠভোটে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।