https://www.voiceofpeople24.com/
4589
sports
প্রকাশিত : ২৯ জুন ২০২৬ ১২:২০
গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। একবার হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তাই দিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
ব্রাজিলের বিপক্ষে অতীত পরিসংখ্যান জাপানের পক্ষে নয়। দুই দলের ১২ দেখায় মাত্র একবার জয় পেয়েছে জাপান, সেটিও গত বছরের একটি প্রীতি ম্যাচে। বিশ্বকাপে তাদের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে, যেখানে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল ব্রাজিল।
তবে অতীতের পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ মোরিয়াসু। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রতিপক্ষকে যথাযথ সম্মান করি। কিন্তু গত বছরের জয়ও কেউ কল্পনা করেনি। কখনো কখনো অসম্ভব মনে হওয়া ফলই ইতিহাস বদলে দেয়।”
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে ৫ নম্বরে, আর জাপানের অবস্থান ১৭তম। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজের দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন জাপান কোচ। তাঁর ভাষায়, “বাস্তবতা হলো ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু প্রতিটি নতুন ম্যাচই নতুন সম্ভাবনা তৈরি করে। আমরা বিশ্বাস করি, এই দল বড় কিছু করার সক্ষমতা রাখে।”
বিশ্বকাপের নকআউট পর্বে খেলাটা জাপানের জন্য নতুন নয়। তবে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সাফল্য শেষ ষোলো। এবার সেই সীমা পেরিয়ে আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখছেন মোরিয়াসু। তিনি বলেন, “অনেকে আমাদের আন্ডারডগ বলবেন। কিন্তু আমরা আগের মতোই নিজেদের ফুটবল খেলতে চাই। এবার পুরো বিশ্বের নজর আমাদের দিকে।”
বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে জাপান। যদিও এখনো সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি দলটি। তারপরও নিজেদের স্বপ্ন থেকে সরে আসতে রাজি নন কোচ। তাঁর মতে, বড় লক্ষ্য নিয়েই এগোতে হবে।
চলতি বিশ্বকাপে দুই দলই অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে এবং সুইডেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে জাপান।
হিউস্টনে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে নামবে ব্রাজিল ও জাপান। গত অক্টোবরে ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়ের স্মৃতি জাপানের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। আজকের ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে খেলবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে।