https://www.voiceofpeople24.com/

4607

sports

ভয়হীন স্পেন, প্রতিপক্ষ যেই হোক

প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬ ১২:১৬

চার ম্যাচে ৯ গোল, বিপরীতে একটিও গোল হজম নয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ধীরে ধীরে বিশ্বকাপে নিজেদের চেনা ছন্দে ফিরেছে। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে যাত্রা শুরু করলেও এরপর টানা তিন জয়ে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি তারা। শেষ বত্রিশে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে স্পেন।

তবে দুর্দান্ত এই পারফরম্যান্সেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর মতে, সবচেয়ে বড় প্রতিপক্ষ অন্য কোনো দল নয়, বরং আত্মতৃপ্তি। তাই প্রশংসায় ভেসে না গিয়ে ম্যাচ ধরে ধরে এগোতেই মনোযোগ স্প্যানিশদের।

অস্ট্রিয়ার বিপক্ষে বলের দখল থেকে শুরু করে আক্রমণ—সব বিভাগেই আধিপত্য ছিল স্পেনের। ২৩টি শটের ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে পুরো ম্যাচে স্পেনের গোলরক্ষক উনাই সিমোনকে একবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি অস্ট্রিয়া। মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন পেদ্রো পোরো।

এত দাপুটে জয়ের পরও দে লা ফুয়েন্তে মনে করেন, তাঁর দলের আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ‘জয়ের পাশাপাশি আমাদের খেলার ধরনেও আমি সন্তুষ্ট। কিন্তু এই দল এখনো নিজের সেরা অবস্থানে পৌঁছায়নি। আরও উন্নতির সুযোগ আছে।’

স্পেন কোচের সবচেয়ে বড় সতর্কবার্তা আত্মতৃপ্তি নিয়ে। তাঁর ভাষায়, ‘যখন সবাই আপনার প্রশংসা করবে আর আপনি সেটাই বিশ্বাস করতে শুরু করবেন, তখনই সমস্যা শুরু হবে। আত্মতৃপ্তি যেকোনো দলের জন্য সবচেয়ে বড় বিপদ।’

সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। শেষ ষোলোতে প্রতিপক্ষ পর্তুগাল। তাই প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছে স্পেন শিবির।

অন্যদিকে দলের তরুণ তারকা লামিনে ইয়ামালের কণ্ঠে ঝরেছে আত্মবিশ্বাস। তাঁর স্পষ্ট ঘোষণা, ‘এখন হারলেই বিদায়, তাই পরের ম্যাচের প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা উন্নতি করে যেতে চাই। কোনো দলকেই ভয় পাই না।’

পর্তুগালের বিপক্ষে ম্যাচটি ইয়ামালের জন্যও বিশেষ। কারণ, বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো তাঁর প্রতিপক্ষ হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ব্যক্তিগত এই লড়াইয়ের চেয়ে দলের লক্ষ্যই তাঁর কাছে বড়। ইয়ামাল বলেন, ‘বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় স্বপ্ন। ছোটবেলা থেকেই সবাই এই ট্রফির স্বপ্ন দেখে। আমাদের লক্ষ্যও শেষ পর্যন্ত গিয়ে শিরোপা জেতা।’

স্পেনের বর্তমান সাফল্যের মূল ভিত্তি ভারসাম্যপূর্ণ দল। একদিকে ওইয়ারসাবাল, ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিদের সৃজনশীল আক্রমণ, অন্যদিকে উনাই সিমোনের নেতৃত্বে দুর্ভেদ্য রক্ষণ। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি ক্লিন শিট রেখে বিশ্বকাপে টানা সর্বোচ্চ সময় গোল না খাওয়ার স্প্যানিশ রেকর্ডও গড়েছেন সিমোন।

চার ম্যাচে ৯ গোল, শূন্য গোল হজম—এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, স্পেন শুধু জিতছেই না, প্রতিপক্ষের আত্মবিশ্বাসও ভেঙে দিচ্ছে। এখন দেখার বিষয়, এই ছন্দ ধরে রেখে তারা বিশ্বকাপের শেষ পর্যন্ত যেতে পারে কি না।