https://www.voiceofpeople24.com/
4604
national
প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬ ১৯:১৫
ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে স্পিকার গালিবাফ বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং এই শোকের সময়ে বাংলাদেশ সরকারের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটগুলোর টেকসই সমাধানই আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে পারে।
বৈঠকের একপর্যায়ে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।