https://www.voiceofpeople24.com/

4602

sylhet

সিলেট

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬ ১৮:৪৯

সুব্রত সাহা বিকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারসংলগ্ন ধলাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় মাঝি রুবেল মিয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন চিকিৎসক। তিনি চার বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সাদাপাথর ভ্রমণে এসেছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাঁরা সাদাপাথরের পানিতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন সুব্রত। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও সেদিন তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছে ধলাই নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আবারও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, বারবার সতর্ক করা হলেও অনেক পর্যটক লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামেন এবং অতিরিক্ত ঝুঁকি নেন। দুর্ঘটনা এড়াতে সবাইকে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করে পানিতে নামার অনুরোধ জানান তিনি।