https://www.voiceofpeople24.com/

4595

law-and-courts

ইনুকে ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ৩০ জুন ২০২৬ ১৫:১৪

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার ট্রাইব্যুনাল এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ইনুর বিরুদ্ধে ‘সুপিরিয়র রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সঙ্গে নীতিনির্ধারণী বৈঠকে অংশ নিয়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের ফলেই কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রসিকিউশনের পক্ষে আদালতে ১০ জন সাক্ষী হাজির করা হয়, যাদের সাক্ষ্য-প্রমাণে ইনুর সম্পৃক্ততা প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশাও ব্যক্ত করেন।

মামলার তদন্ত শুরু হয় গত বছরের ২৫ মার্চ। পরে ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে সেদিনই ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করেন। এরপর ২ নভেম্বর অভিযোগ গঠন করা হয় এবং ৩০ নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়।

বিচার চলাকালে তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের পক্ষে মোট ১০ জন সাক্ষ্য দেন। অন্যদিকে, আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী উপস্থাপন করে। চলতি বছরের ১৩ এপ্রিল উভয় পক্ষের যুক্তিতর্ক শুরু হয়ে পরে শেষ হয়। ১৩ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই মামলায় একমাত্র আসামি ছিলেন হাসানুল হক ইনু। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।