https://www.voiceofpeople24.com/
4598
sylhet
মৌলভীবাজার
প্রকাশিত : ০১ জুলাই ২০২৬ ১৩:৫৭
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী—মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা ফরিদা বেগম (৪৫) এবং তাঁর ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা বেগম শাহ ইদ্রিস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগম ও তাঁর ছেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।