https://www.voiceofpeople24.com/
4827
sylhet
প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬ ১২:৪২
‘জীবনের সুখ আসলে ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি করা হয়’—মৃত্যুর মাত্র ১৩ ঘণ্টা আগে ফেসবুকে একটি রিলস ভিডিওর ক্যাপশনে কথাটি লিখেছিলেন ১৯ বছর বয়সী তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। এরপরই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনের পথচলা।
বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে হজরত ছাবাল শাহ (রহ.)-এর মাজারে আয়োজিত অনুষ্ঠানে লালনগীতি ও বিচ্ছেদ গান পরিবেশন করেন পেহেলি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পেহেলিসহ কয়েকজন নিহত হন। ঘটনাস্থলেই পেহেলির মৃত্যু হয়।
পেহেলি ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। মাত্র ১৯ বছর বয়সেই লোকসংগীত ও লালনগীতির চর্চার মাধ্যমে তিনি শ্রোতাদের মধ্যে পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর কণ্ঠ ও পরিবেশনা ইতোমধ্যে সহশিল্পী ও সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিল।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও নিজের ফেসবুক পেজে বিশ্বনাথের বৈরাগী বাজারের অনুষ্ঠানে দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন এই তরুণ শিল্পী। সেই অনুষ্ঠানই হয়ে গেল তাঁর জীবনের শেষ পরিবেশনা।
পেহেলির আকস্মিক মৃত্যুতে সহশিল্পী, সংগীতাঙ্গনের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উদীয়মান এই শিল্পীর অকালমৃত্যুকে লোকসংগীতের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ওসমানীনগরের ওই দুর্ঘটনায় পেহেলিসহ আরও কয়েকজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।