https://www.voiceofpeople24.com/

4830

international

গ্রিস উপকূলে বিপদে পড়া ২০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬ ১৪:৩২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। তাদের মধ্যে কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।

গ্রিসের দক্ষিণাঞ্চলের ক্রিট দ্বীপে সাম্প্রতিক সময়ে নৌপথে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে। দেশটির সংবাদপত্র দেমোক্রাতিয়ার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে একাধিক নৌযানে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছান।

একসঙ্গে এত মানুষের আগমনে দ্বীপটির স্থানীয় প্রশাসন ও অভিবাসীদের জন্য থাকা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে ৪০ জনকে বহনকারী একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। এর আগে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ নৌকাটির অবস্থান শনাক্ত করে।

পরে উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় ওই অভিবাসনপ্রত্যাশীদের ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগেই আরও দুটি নৌযানে করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী সেখানে পৌঁছেছিলেন। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।

উদ্ধার হওয়া সব অভিবাসনপ্রত্যাশীকে স্থানীয় হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ক্রিটে অভিবাসনপ্রত্যাশীদের আগমন অব্যাহত থাকায় নতুন করে আসা ব্যক্তিদেরও আপাতত এই আশ্রয়কেন্দ্রে রাখা হচ্ছে।