https://www.voiceofpeople24.com/

4796

international

ভারত

ডাবরের ‘১০০% খাঁটি’ ও ‘অর্গানিক’ পণ্য বিক্রিতে ভারতে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬ ১২:০৫

পণ্যের মোড়কে ‘১০০% খাঁটি’, ‘১০০% প্রাকৃতিক’ ও ‘১০০% অর্গানিক’–এর মতো দাবি ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে ভারতীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডাবর ইন্ডিয়া লিমিটেডকে কয়েকটি নির্দিষ্ট খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।

এফএসএসএআই জানিয়েছে, ডাবরের কয়েকটি পণ্যের মোড়কে ব্যবহৃত ‘১০০% প্রাকৃতিক’, ‘১০০% খাঁটি’, ‘১০০% অর্গানিকের নিশ্চয়তা’ এবং ‘১০০% ডাবের পানি’–এর মতো দাবি যথাযথভাবে প্রমাণযোগ্য নয় এবং এগুলো সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।

নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনায় আরও কয়েকটি অনিয়মের কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার’ ও ‘ডাবর অর্গানিক হানি’ পণ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ‘অর্গানিক ইন্ডিয়া’ লোগো ব্যবহার, যা ২০১৭ সালের অর্গানিক ফুডস রেগুলেশনের পরিপন্থী। এছাড়া ‘ডাবর হোমমেড কোকোনাট মিল্ক’-এর মোড়কে ‘১০০% পিউরিটি’ দাবি করা হয়েছে, যা মিশ্র খাদ্যপণ্যের ক্ষেত্রে অনুমোদিত নয়।

এসব অভিযোগের ভিত্তিতে ডাবরকে সংশ্লিষ্ট পণ্যগুলোর বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে এবং ১৫ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে এফএসএসএআই।

তবে ডাবর ইন্ডিয়া অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। বিএসই ও এনএসইতে জমা দেওয়া এক নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সব পণ্যের লেবেলিং ও গুণগত মান বিদ্যমান আইন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানির দাবি, তারা কখনোই ভোক্তাদের বিভ্রান্ত করার মতো কোনো দাবি করেনি এবং খাদ্য সুরক্ষাসংক্রান্ত সব বিধি মেনেই কার্যক্রম পরিচালনা করছে।

ডাবর আরও জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তারা বলেছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশের প্রভাব কেবল আপত্তি ওঠা নির্দিষ্ট পণ্যগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোম্পানির সামগ্রিক ব্যবসা বা আর্থিক অবস্থায় এর উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না।

এদিকে, এফএসএসএআইয়ের নির্দেশনার খবর প্রকাশের পর শেয়ারবাজারে ডাবর ইন্ডিয়ার শেয়ারের দর কমে যায়। দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩২ শতাংশ কমে ৪০৭ দশমিক ৪০ রুপিতে নেমে আসে।