https://www.voiceofpeople24.com/
4797
sylhet
সিলেট
প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬ ১২:০৭
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার বিকেলে তিনি বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক মো. শহীদুল আলম ষোড়শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন-ভাতায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। সরকারি বাসভবনের সুবিধা গ্রহণ করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না। তাঁর চাকরি সরকারের বিদ্যমান বিধি-বিধান ও আদেশ অনুযায়ী পরিচালিত হবে।