https://www.voiceofpeople24.com/

4480

national

বিয়ে বিতর্কের মামলায় বেকসুর খালাস নাসির ও তামিমা

প্রকাশিত : ১০ জুন ২০২৬ ১৩:২৫

বহুল আলোচিত মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলার রায়ে আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁদের খালাস ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মো. রাকিব হাসান আদালতে এ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের একটি সন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমা বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন বলে তিনি দাবি করেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন এবং তাঁদের এই সম্পর্কের কারণে বাদী ও তাঁর সন্তানের মানসিক ক্ষতি ও সামাজিকভাবে মানহানির ঘটনা ঘটেছে। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে বাদীপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর ধরে আলোচিত নাসির-তামিমা মামলার পরিসমাপ্তি ঘটল।