https://www.voiceofpeople24.com/

4479

entertainment

মুক্তির পরই পাইরেসির কবলে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’

প্রকাশিত : ১০ জুন ২০২৬ ১০:৫৭

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিকে এখন অনেকেই ঈদনির্ভর বলে মনে করেন। বছরের অন্য সময় প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কম থাকলেও ঈদ এলেই জমে ওঠে সিনেমা হল। একসময় ঈদের সিনেমা ঘিরে টিকিটের তীব্র চাহিদা দেখা যেত, সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট কেটেও পছন্দের শোর আসন পাওয়া কঠিন হয়ে পড়ত। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ কোরবানির ঈদ পর্যন্ত সফলভাবে চলেছিল বিভিন্ন সিনেপ্লেক্সে। কিন্তু এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। ঈদের দুই সপ্তাহ না পেরোতেই সিনেমার আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে।

এবার কোরবানির ঈদে মুক্তি পেয়েছে আটটি সিনেমা—‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। তবে কোনো সিনেমাই প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। মুক্তির পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ প্রশংসা করেছেন, কেউ করেছেন সমালোচনা। হলমালিকেরা আশা করেছিলেন সময়ের সঙ্গে দর্শক বাড়বে, কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। দিন যত গেছে, ততই কমেছে দর্শক উপস্থিতি।

ঈদের সিনেমাগুলো মুক্তির দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই বেশির ভাগ হল ফাঁকা হয়ে পড়েছে। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা গেছে, অধিকাংশ শোর আসন খালি। ফলে দেশি সিনেমার পাশাপাশি ‘মাইকেল’ ও ‘সিকিন নাইন’সহ কয়েকটি বিদেশি সিনেমা চালাতে হচ্ছে। এই শুক্রবার থেকে নতুন একটি হলিউড সিনেমাও যুক্ত হচ্ছে তাদের তালিকায়। একই অবস্থা যমুনা ব্লকবাস্টারেও। অথচ গত কয়েক বছরে ঈদের সময় দেশি সিনেমার চাপের কারণে বিদেশি সিনেমার প্রদর্শনী বন্ধ রাখতে হয়েছিল সিনেপ্লেক্সগুলোকে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এবারের ঈদের সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাঁর ভাষ্য, গত কয়েক বছরের সফলতার ধারাবাহিকতা এবার ভেঙে গেছে। কোনো সিনেমাই কাঙ্ক্ষিত ব্যবসায়িক সীমা অতিক্রম করতে পারেনি। তবে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘বনলতা সেন’ তুলনামূলকভাবে কিছুটা ভালো চলছে।

সিঙ্গেল স্ক্রিন হলমালিকদের হতাশা আরও বেশি। প্রতি ঈদে শাকিব খানের সিনেমা ঘিরে দর্শকের দীর্ঘ লাইন দেখা গেলেও এবার শুরু থেকেই হলগুলোতে দর্শক ছিল কম। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এবারের কোনো সিনেমাই দর্শকদের হলে টানতে পারেনি। তাঁর মতে, টানা দুই ঈদ ধরেই হল ব্যবসায়ীরা হতাশার মধ্যে আছেন।

এরই মধ্যে নতুন করে ধাক্কা খেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। রোজার ঈদে ‘প্রিন্স’-এর ব্যর্থতার পর অনেকেই আশা করেছিলেন এই সিনেমা দিয়ে ঘুরে দাঁড়াবেন তিনি। সিনেমাটিতে শাকিবের অভিনয় প্রশংসা পেলেও দর্শক উপস্থিতি প্রত্যাশামতো হয়নি। তার ওপর মুক্তির এক সপ্তাহের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যায় ‘রকস্টার’। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে সিনেমাটির ভিডিও লিংক ছড়িয়ে পড়ে।

এর আগে গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ও পাইরেসির শিকার হয়েছিল। তবে সেগুলো দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছিল এবং ভালো ব্যবসাও করেছিল। কিন্তু এবারের পরিস্থিতিতে ‘রকস্টার’-এর জন্য পাইরেসি যেন বাড়তি সংকট হয়ে দাঁড়িয়েছে।