https://www.voiceofpeople24.com/
4510
politics
প্রকাশিত : ১৫ জুন ২০২৬ ১০:৫০
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো ধরনের আপস করবে না। জুলাই সনদ এবং গণভোটে প্রকাশিত জনমতের বাস্তবায়নে দলটি শেষ পর্যন্ত অটল থাকবে।
রোববার রাতে সিলেট সার্কিট হাউসে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করেননি। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা জুলাই সনদ ও গণরায়ের বাস্তবায়নে পিছপা হব না।’
তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং জুলাই সনদসহ গণভোটের রায়কে উপেক্ষা করেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে। জনগণের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। তবে আমাদের অবস্থান হবে দায়িত্বশীল ও গণতান্ত্রিক।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর পর দেশবাসী একটি অর্থবহ নির্বাচনের প্রত্যাশা করেছিল। ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও বৃহত্তর জাতীয় স্বার্থে নির্বাচন মেনে নেওয়া হয়েছে।
‘নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা হলে দেশে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারত। সেই পরিস্থিতি এড়াতেই আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি,’ বলেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং যেকোনো উসকানির বিরুদ্ধে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এটি বাংলাদেশের জন্য ইতিবাচক ঘটনা। তবে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে কি না, তা সরকারের আন্তরিকতার ওপর নির্ভর করবে।
সংসদে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চরমপন্থা নয়, দায়িত্বশীল মধ্যপন্থা অনুসরণ করব। সংসদকে কার্যকর ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।’
সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।