https://www.voiceofpeople24.com/
4973
politics
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬ ১২:০১
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া সব ব্যক্তিকে খুঁজে বের করে তাঁদের পরিবারের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরা এবং প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।
বিবৃতিতে নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার দীর্ঘ প্রায় দেড় দশকের শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এসব কর্মকাণ্ডের শিকার হয়েছেন বিরোধী মত ও রাজনৈতিক দলের অনেক মানুষ। তাঁদের মধ্যে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে স্বজনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
‘আয়নাঘর’ নামে পরিচিত কথিত বন্দিশালায় অনেক মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, এ ধরনের ঘটনা মানবতাকে কলঙ্কিত করে।
নাহিদ ইসলাম বলেন, গুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার আকুতি, পরিবারের দীর্ঘ অপেক্ষা ও বেদনার মধ্য দিয়েই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতেও অনেক পরিবার এখনো তাঁদের নিখোঁজ স্বজনের সন্ধানের অপেক্ষায় রয়েছে।
এ সময় মোংলা কারাগারে মিরাজ শেখকে গুমের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর মতে, নতুন বাংলাদেশে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
বর্তমান সরকারের সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, গুমের মতো গুরুতর অপরাধ প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে এসব উদ্যোগে দায়মুক্তির সুযোগ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, কার্যকর তদন্ত ও জবাবদিহি ছাড়া দেশে গুমের সংস্কৃতির স্থায়ী অবসান সম্ভব নয়।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কয়েকটি দাবি তুলে ধরেন নাহিদ ইসলাম। এর মধ্যে রয়েছে—মোংলায় গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখসহ আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ হওয়া সব ব্যক্তিকে খুঁজে বের করা, তাঁদের পরিবারের কাছে ঘটনার সত্য তুলে ধরা এবং প্রতিটি গুমের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা।
এ ছাড়া গুম প্রতিরোধ আইনে গুমের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখার দাবিও জানান তিনি।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও বেদনার অবসানে সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে।