https://www.voiceofpeople24.com/

4904

economy

প্রথমবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে মুনাফার অংশ দিল বিমান

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬ ১৪:০৮

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমবারের মতো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল থেকে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ অর্থের চেক হস্তান্তর করে।

বিমান জানায়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করেই ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই অর্থ জমা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিষ্ঠার পর এই প্রথম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান করল।

চেক হস্তান্তরের সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান কর্তৃপক্ষ বলেছে, শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ দেওয়া তাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও জাতীয় আইন ও বিধিবিধান অনুসরণ করে শ্রমজীবী মানুষের প্রতি এই দায়বদ্ধতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।