https://www.voiceofpeople24.com/
4906
politics
প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬ ১৪:১৪
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থায়ী কমিটির নতুন সদস্য রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত শনিবার (১৫ আগস্ট) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যরা তাঁদের মেধা ও অভিজ্ঞতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়। এবার একসঙ্গে চারজনকে যুক্ত করার মাধ্যমে স্থায়ী কমিটির শূন্য পদগুলোর একটি অংশ পূরণ করা হলো।
১৯ সদস্যের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন যুক্ত হওয়ার আগে সদস্য ছিলেন ১৩ জন। তাঁরা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী করা হয়েছে। এরপর তিনি দলের মহাসচিব পদসহ বিএনপির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেন।