https://www.voiceofpeople24.com/

4899

international

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯, সবাই হতে পারেন বাংলাদেশি

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬ ১২:২১

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতা ফায়ার সার্ভিস। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বুধবার ভোররাতে নিউমার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রের দাবি, রাত আনুমানিক ২টার দিকে হোটেলে আগুনের সূত্রপাত হয়। সে সময় বেশ কয়েকজন অতিথি ঘুমিয়ে ছিলেন এবং আগুন ছড়িয়ে পড়ায় অনেকে ভবনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে কলকাতা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও অভিযানে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং হোটেলের ভেতরে আটকে থাকা বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

কলকাতার এই ঘটনার মাত্র দুই দিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হন। ১৭ আগস্ট ভোরে ‘হোটেল বিদেশিনী’তে ওই আগুন লাগে। পাঁচতলা হোটেলটির নিচতলায় আগুন ছড়িয়ে পড়ার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।

তারাপীঠের ওই ঘটনায় মেঘালয়ের একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবরও পাওয়া যায়। জানা গেছে, পরিবারটি হোটেলের ওপরের তলায় অবস্থান করছিল। আগুনের বিষয়টি বুঝতে পেরে তাঁরা শিশুদের নিয়ে একসঙ্গে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু নিচে নামার সময় আগুনের মধ্যে পড়ে যান তাঁরা। পরে আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

পরপর কয়েক দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের দুটি হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।