https://www.voiceofpeople24.com/

4901

national

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার পর্যটন খাতে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬ ১২:৫৪

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফ্লাইট সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো, ভিসাপ্রক্রিয়া সহজ করা এবং পর্যটকদের জন্য প্রি-ভেরিফিকেশন ব্যবস্থা চালুর সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া পর্যটন খাতে দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে পর্যটন উন্নয়ন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। মালয়েশিয়ার এ খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও যোগ্য কর্মী নেওয়ার সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ জন্য বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

দুই পক্ষের আলোচনায় পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপমহাসচিব চুয়া চুন হোয়া, টুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাধিলাহ কু আজমিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।