https://www.voiceofpeople24.com/

4881

national

যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬ ১৭:১০

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নতুন পে স্কেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি জানান, পে স্কেলের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে যেকোনো মুহূর্তে নতুন বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে আগের অন্তর্বর্তীকালীন সরকার একটি পে-কমিশন গঠন করেছিল। কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশসহ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে।

এরপর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পে-কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ওই সচিব কমিটিও তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে।

সচিব কমিটির সুপারিশে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী বছরে বিভিন্ন ভাতা কার্যকর করার সুপারিশ রয়েছে।

তবে শেষ পর্যন্ত কীভাবে এবং কোন সময়সূচিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। মন্ত্রিসভায় সচিব কমিটির সুপারিশ পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।