https://www.voiceofpeople24.com/

4880

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৭০ লাখের বেশি টাকা

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬ ১৬:০৭

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে তৃতীয় দফায় গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। পাশাপাশি মিলেছে স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন দেশের মুদ্রা।

শনিবার সকাল থেকে দিনভর প্রকাশ্যে দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হয়। বিকেলে গণনা শেষে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

মাজারের তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্সের সিলগালা সকাল ১০টার দিকে খোলা হয়। এরপর সকাল সাড়ে ১০টা থেকে অর্থ গণনা শুরু করেন ৩০ জন স্বেচ্ছাসেবী। এ সময় প্রশাসনের কর্মকর্তা, মাজারের মুতাওয়াল্লি এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

গণনা শেষে পাওয়া অর্থের মধ্যে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা রয়েছে। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ২৩টি ২ আনা রৌপ্য।

দানবাক্সে বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, পাকিস্তানি রুপি, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, মার্কিন ডলার, নেপালি রুপি, দিরহাম, তুর্কি লিরা, ভিয়েতনামি ডং, জাপানি ইয়েন, কাতারি রিয়াল, দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, সিঙ্গাপুর ডলার, ইরানি মুদ্রা, মালদ্বীপের রুপি, কানাডিয়ান ডলার ও কুয়েতি মুদ্রা।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গণনায় পাওয়া নগদ অর্থ ও অন্যান্য মুদ্রা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

তৃতীয়বারে মিলল সর্বোচ্চ অর্থ

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হয়। মাত্র চার দিনে তখন পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় ১৮ দিনে সংগ্রহ হয় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সর্বশেষ ৩৪ দিন পর শনিবার আবার দানবাক্স খোলা হয়। এবার পাওয়া গেল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।

অর্থাৎ আগের দুই দফার তুলনায় তৃতীয় দফায় দানবাক্স ও ডেগে উল্লেখযোগ্য পরিমাণ বেশি অর্থ পাওয়া গেছে।