https://www.voiceofpeople24.com/
4871
sylhet
সিলেট
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬ ১০:৫৪
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে।
শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া দুই শিশু হলো—সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হাবিবুর রহমানের পাঁচ মাস বয়সী ছেলে সাইফান হোসেন এবং জকিগঞ্জ উপজেলার রুবেল আহমদের ১১ মাস বয়সী মেয়ে তানহা জান্নাত। সাইফান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তানহা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জনে। তাঁদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৮৪ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে বর্তমানে ১২০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগজুড়ে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি সন্দেহজনক রোগীও হাসপাতালে ভর্তি হচ্ছেন।