https://www.voiceofpeople24.com/

4866

sylhet

চা-শ্রমিকদের ৫ শতাংশ মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, দাবি ৫০০ টাকা

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬ ১০:২৬

দৈনিক ১৮৭ টাকা মজুরির ওপর ৫ শতাংশ বা ৯ টাকা ৩৫ পয়সা বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন চা-শ্রমিকেরা। তাঁরা এই মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি জানিয়েছেন।

শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগানে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শ্রমিকেরা এসব দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের তুলনায় ১৮৭ টাকা দৈনিক মজুরি অত্যন্ত কম। মাসে ২৬ দিন কাজ করলেও একজন শ্রমিকের আয় দাঁড়ায় মাত্র ৫ হাজার ২৩৬ টাকা। এই অর্থ দিয়ে ক্রমবর্ধমান নিত্যপণ্যের দামের মধ্যে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

তাঁরা আরও বলেন, অনেক চা-বাগানে দৈনিক হাজিরা পেতে একজন শ্রমিককে ২৩ থেকে ২৫ কেজি পর্যন্ত চা-পাতা তুলতে হয়। এত কঠোর পরিশ্রমের পরও চা-শ্রমিকেরা দেশের অন্যতম সর্বনিম্ন মজুরি পান।

বক্তাদের অভিযোগ, ২০২৩ সালের সরকারি গেজেট অনুযায়ী ৫ শতাংশ মজুরি বৃদ্ধির ফলে শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৯ টাকা বেড়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই সামান্য বৃদ্ধি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

সমাবেশে শ্রমিকনেতারা জানান, সম্প্রতি কুলাউড়ার সংসদ সদস্য চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি সংসদে উত্থাপন করেছিলেন। শ্রমমন্ত্রী বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে আশ্বস্ত করায় ওই প্রস্তাব প্রত্যাহার করা হয়।

সমাবেশ থেকে বক্তারা ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।