https://www.voiceofpeople24.com/

4868

politics

রাজনীতি

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, বিএনপির নানা কর্মসূচি

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩৯

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করবে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে একযোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির সাধারণ সদস্য হিসেবে দলে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালের মার্চে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন।

১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালে স্বল্প মেয়াদে এবং ২০০১ সালে আবারও প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষদিকে নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন।

খালেদা জিয়ার দুই ছেলে—বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো। তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।