https://www.voiceofpeople24.com/

4875

national

তারেক রহমানের ভারত সফরে অনুকূল পরিবেশ চায় ঢাকা

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬ ১৩:২২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অনুকূল পরিবেশ’ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির সঙ্গে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত যোগাযোগ হলেও সাম্প্রতিক কিছু ঘটনায় সফরের পরিবেশ ব্যাহত হয়েছে। বিশেষ করে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার গত ৫ আগস্টের প্রকাশ্য বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সফরের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

শহীদুল করিম জানান, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছে ঢাকা।

এ ছাড়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তরের জন্যও ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এসব বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সরকারের পক্ষ থেকে বলা হয়, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, পারস্পরিক সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব ভিত্তির ওপর প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত থাকবে।

এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।