https://www.voiceofpeople24.com/

4878

whole-country

গাইবান্ধা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, ১২ ঘণ্টা পর বিয়ে

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬ ১৩:৪৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে সৌদিপ্রবাসী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করা এক তরুণীর বিয়ে হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় প্রায় ১২ ঘণ্টা পর ওই তরুণীর সঙ্গে প্রেমিকের বিয়ে সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে। শুক্রবার রাত ১১টার দিকে প্রেমিক রাশেদুল ইসলামের বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ২৬ বছর বয়সী সুরভি খাতুন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর নয়াপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন। তাঁর সঙ্গে সুরভির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্পর্কের পরও বিয়ে না হওয়ায় শুক্রবার রাতে রাশেদুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন সুরভি।

এ ঘটনায় ওই বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। একপর্যায়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।

পরে তাঁদের মধ্যস্থতায় শনিবার সকালে রাশেদুল ও সুরভির বিয়ে সম্পন্ন হয়। প্রায় ১২ ঘণ্টা অনশনের পর বিয়ের মাধ্যমে বিষয়টির সমাধান হয়।

গুমানীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় শনিবার সকালে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে শনিবার তাঁদের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।