https://www.voiceofpeople24.com/

4892

politics

রাজনীতি

চার লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬ ১০:৩৮

গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী পূর্বঘোষিত চারটি লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ৫ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এসব লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো শেষ করে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

সোমবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক সভায় এসব কর্মসূচির প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে আয়োজন করা হবে।

সভায় লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানানো হয়।

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, খুলনা ও সিলেট অঞ্চলের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।