https://www.voiceofpeople24.com/
4887
entertainment
প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬ ১৬:১২
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোর ৬টার দিকে রিধিকাকে বাসার সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
রিধির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পায়। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়েছিল বলে পরিবার জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভিডিও কলে কথা বলার একপর্যায়ে রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, রিধির মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি মৃত্যুর আগে ওই ব্যক্তির সঙ্গে তাঁর কী ধরনের কথোপকথন হয়েছিল এবং তাঁদের সম্পর্কের বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি লাভ করেন। পরে অভিনয়ে যুক্ত হন তিনি। বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।