https://www.voiceofpeople24.com/

4966

politics

রাজনীতি

পে স্কেল হবে কি না, সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান এমপি আতিকের

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬ ১১:০৫

পে স্কেল দেওয়া হবে কি না, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনীতি হলে জাতি ধ্বংসের দিকে যাবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি সভা ও ‘শিক্ষা খাতে সুশাসন: নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিক মুজাহিদ বলেন, ‘বারবার আপনারা পে স্কেল নিয়ে কথা বলছেন। পে স্কেল দেবেন কি দেবেন না, সেটা ক্লিয়ার করেন।’

সরকার বিভিন্ন পরিকল্পনার কথা বললেও বাস্তবে শিক্ষা খাতের ব্যবস্থাপনায় নানা অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধার গুরুত্ব তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, কমিটির হাতে শিক্ষক নিয়োগের দায়িত্ব ছেড়ে দিলে অনুপযুক্ত ব্যক্তিরাও শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন। তাই শিক্ষাব্যবস্থায় মেধা, রাজনৈতিক নিরপেক্ষতা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

শিক্ষকদের বেতন-ভাতা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দুই দিন আগে একটি মসজিদ পরিদর্শনে গিয়ে জানতে পেরেছেন, সেখানে ইমামের বেতন মাত্র ৪ হাজার টাকা। অথচ ওই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

আতিক মুজাহিদ বলেন, ‘এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বড় বড় ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হলেও শিক্ষকদের বেতন ৭-৮ হাজার টাকা—এটি গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ টিকবে কি টিকবে না, এটা নির্ভর করে শিক্ষার ওপর।’

সভায় বক্তারা শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে শিক্ষক নিয়োগ, বরাদ্দ, বদলি ও পদোন্নতিসহ সব ক্ষেত্রে অনিয়ম বন্ধের দাবি জানান। একই সঙ্গে বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রহমান রিজভী। তিনি বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে থাকতে চান, রাজপথে আসতে চান না। কিন্তু পেটের দায়ে তাদের রাজপথে আসতে হচ্ছে। এমপিওভুক্তির জটিলতার কারণে দেশে হাজার হাজার শিক্ষক বিনা বেতনে কাজ করছেন।

সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ দলটির নেতারা এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।