https://www.voiceofpeople24.com/
4961
economy
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬ ২২:০৯
হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মানসম্পন্ন বীজ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।
বুধবার (২৬ আগস্ট) বিএডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রবি মৌসুমে বোরো ধান, গম ও আলুবীজ বিতরণের কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণে মঙ্গলবার ও বুধবার রাজধানীর মতিঝিলে বিএডিসির সদর দপ্তরে দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের বীজ বিতরণ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ও উইংয়ের প্রধানেরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করা সম্ভব নয়। কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই কৃষকের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা জরুরি।
বক্তারা আরও বলেন, সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়নে কৃষকের দোরগোড়ায় বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ যথাসময়ে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। কৃষকের চাহিদা অনুযায়ী অঞ্চলভিত্তিক উপযোগী বীজও মৌসুম শুরুর আগেই সরবরাহ নিশ্চিত করতে হবে।
সেমিনারে বীজ উৎপাদন থেকে শুরু করে কৃষকের কাছে সরবরাহ পর্যন্ত নির্ধারিত সব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আসন্ন রবি মৌসুমে বীজ বিতরণ কৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বীজ বিতরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ মো. সেলিম হায়দার।