https://www.voiceofpeople24.com/

4955

sports

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ডের স্মৃতি এখনো তাড়ায় এমবোলোক

প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬ ১৫:৩১

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ডের স্মৃতি এখনো তাড়ায় এমবোলোক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সেই মুহূর্ত এখনো ভুলতে পারেননি সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে আবার খেলার সুযোগ নিশ্চিত নয়—এ কারণেই ওই সিদ্ধান্ত মেনে নেওয়া তাঁর জন্য আরও কঠিন।

কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এমবোলোকেও। এর আগে ম্যাচে ১-১ গোলে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড।

এমবোলোর আদায় করা একটি ফাউলের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের পরামর্শে ঘটনাটি পর্যালোচনা করা হয়। রিপ্লেতে দেখা যায়, পারেদেসের সঙ্গে এমবোলোর কোনো সংস্পর্শ হয়নি। এরপর পারেদেসের হলুদ কার্ড প্রত্যাহার করে এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

সেই সিদ্ধান্তের হতাশা এখনো কাটেনি এমবোলোর। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই ঘটনায় তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারলে সুইজারল্যান্ডের জয়ের সামর্থ্য ছিল বলে তাঁর বিশ্বাস।

এমবোলো বলেন, ওই সিদ্ধান্ত তাঁকে এবং পুরো দলকে প্রভাবিত করেছিল। তবে রেফারি সিদ্ধান্ত নিয়েছেন এবং খেলাধুলায় এ ধরনের ভুলের সম্ভাবনা থাকেই বলেও স্বীকার করেন তিনি।

আর্জেন্টিনার কাছে হারের প্রসঙ্গে এমবোলো বলেন, তিনি প্রতিযোগিতাপ্রবণ মানুষ হওয়ায় পরাজয় মেনে নেওয়া তাঁর জন্য খুব কঠিন।

তবে তাঁর কাছে সবচেয়ে বেশি কষ্টের বিষয় শুধু লাল কার্ড নয়, বরং বিশ্বকাপের মতো মঞ্চে আবার সুযোগ পাওয়ার অনিশ্চয়তা। এমবোলোর ভাষায়, এমন পর্যায়ে পৌঁছানো এবং একটি ঐক্যবদ্ধ দল গড়ে তোলা অত্যন্ত কঠিন। তাই চার বছর পর পরবর্তী সুযোগ আসতে পারে—এই বাস্তবতাই সিদ্ধান্তটিকে আরও বেদনাদায়ক করে তুলেছে।

তিনি বলেন, ভবিষ্যতে আবার বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন কি না, সে নিশ্চয়তা কেউ দিতে পারে না। আর এই অনিশ্চয়তার কারণেই ওই লাল কার্ডের ঘটনা তাঁর কাছে এখনো গভীরভাবে কষ্টের স্মৃতি হয়ে আছে।