https://www.voiceofpeople24.com/

4947

national

গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: আন্দালিভ রহমান

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬ ১৬:৫০

বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ বা সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের কোনো মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা একটি মানসিকতার বিষয়। গত ১৭ বছরে সমালোচনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে মানসিকতা দেখা গেছে, বর্তমান সরকার তা থেকে ভিন্ন অবস্থানে রয়েছে।

ব্রিফিংয়ের শুরুতে তথ্য অধিদপ্তর প্রকাশিত সরকারের ছয় মাসের বিশেষ অর্জন নিয়ে ‘আই হ্যাভ এ প্ল্যান: গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন আন্দালিভ রহমান।

সংবাদপত্রের ভুয়া প্রচারসংখ্যা বন্ধের বিষয়ে তিনি বলেন, কমসংখ্যক পত্রিকা ছাপিয়ে লক্ষাধিক সার্কুলেশন দেখানোর যে অসত্য প্রক্রিয়া রয়েছে, তা বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জোরালোভাবে কাজ শুরু করেছে।

গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ‘বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম’-এর সমালোচনা করেন। তাঁর ভাষ্য, কোনো গণমাধ্যম বুদ্ধিবৃত্তিক চিন্তা-চেতনার মাধ্যমে ফ্যাসিজমকে সমর্থন, প্রচার বা চর্চা করলে তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া সরকারের কিছু করার নেই।

তিনি বলেন, যারা মুক্ত বাংলাদেশ ও নতুন স্বাধীন বাংলাদেশের চেতনায় বিশ্বাস করে না, সামাজিকভাবে বয়কট হওয়াই তাদের জন্য সবচেয়ে বড় বিচার।

গত শাসনামলের বিভিন্ন ব্যবস্থার সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশের সব সিস্টেম দুর্নীতিগ্রস্ত ছিল। এমন একটি ভঙ্গুর পরিস্থিতির পর দায়িত্ব নিয়ে সরকার দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে।

এ সময় তিনি গণমাধ্যমের কাছে সরকারের কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করে বলেন, সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হবে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। জুলাই আন্দোলনসহ অতীতের বিভিন্ন অপরাধের সুষ্ঠু বিচারের স্বার্থে যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের সবাইকে দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের পক্ষে বা বিপক্ষে কথা বলার স্বাধীনতা সবার রয়েছে। জনগণের কথা তুলে ধরাই গণতন্ত্রের মূল বিষয়।

তিনি জানান, বিটিভি ও সরকারি গণমাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর সংবাদ প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট ফান্ডের অনুদান দ্বিগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জন্য ইতোমধ্যে এক কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।