https://www.voiceofpeople24.com/
4945
national
প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬ ১৩:৫২
বাংলাদেশ রেলওয়ের নাম কিংবা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের এসব অ্যাকাউন্টের পোস্ট শেয়ার ও কমেন্ট না করার পাশাপাশি সদস্য না হতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ফেসবুক ও ইউটিউবে বাংলাদেশ রেলওয়ের নাম অথবা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্টের অধিকাংশের প্রকৃত পরিচয় গোপন রাখা হয়েছে। এমনকি দেশের বাইরেও রেলওয়ের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে তথ্য প্রচার করা হচ্ছে।
রেলওয়ের অফিস আদেশে আরও বলা হয়, এসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে রেলওয়ে সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, রেলওয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীও এসব ভিত্তিহীন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার ও কমেন্ট করছেন। পাশাপাশি ছদ্মনামে পরিচালিত এসব অ্যাকাউন্টের সদস্যও হচ্ছেন তারা।
এ পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের নাম বা নামের আংশিক ব্যবহার করে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিত্তিহীন ও অপতথ্য থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এসব অ্যাকাউন্টের কোনো পোস্ট শেয়ার বা কমেন্ট না করা এবং সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টের সদস্য না হওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।