https://www.voiceofpeople24.com/

4941

science-technology

‘বয়স কম’ বলে ছাঁটাই, মাইক্রোসফট কর্মীর ভিন্ন অভিজ্ঞতা

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬ ১৪:০১

মাইক্রোসফটে কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম ওঠার পর আলোচনায় এসেছেন ভারতের হায়দরাবাদের এক সফটওয়্যার প্রকৌশলী। তাঁর দাবি, ছাঁটাইয়ের খবর দেওয়ার সময় ব্যবস্থাপক তাঁকে ‘তুলনামূলকভাবে তরুণ’ হিসেবে উল্লেখ করেছিলেন। অথচ প্রায় তিন বছরের অভিজ্ঞতা থাকা ওই প্রকৌশলীই পরিবারের একমাত্র উপার্জনকারী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি হারানোর পর ওই প্রকৌশলী সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন চাকরির জন্য সহায়তা চান। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এতে ৯০০টির বেশি আপভোট ও ২০০-এর বেশি মন্তব্য পড়ে।

ওই প্রকৌশলী জানান, ব্যবস্থাপকের ধারণার চেয়ে তাঁর পারিবারিক ও আর্থিক দায়িত্ব অনেক বেশি। মা-বাবার খরচ বহনের পাশাপাশি তিনি বোনের পড়াশোনার ব্যয়ও চালান। এ ছাড়া বাবের নেওয়া ঋণের কিস্তিও তাঁকে পরিশোধ করতে হচ্ছে।

তবে পরে তিনি স্পষ্ট করেন, শুধু বয়সের কারণেই তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে—এমনটা তিনি মনে করেন না। তাঁর ভাষ্য, মূলত তাঁর বিভাগে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবেই তিনি চাকরি হারিয়েছেন। ব্যবস্থাপক সম্ভবত তাঁকে সান্ত্বনা দেওয়ার জন্য বয়সের বিষয়টি উল্লেখ করেছিলেন।

মাইক্রোসফটের সাবেক ওই কর্মীর ব্যাকএন্ড ও ফুল-স্ট্যাক ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি তিনি এজেন্টিক এআই প্রকল্পেও কাজ করেছেন এবং বিভিন্ন হ্যাকাথনে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও এসডব্লিউই–২ পদে নতুন চাকরি খুঁজছেন।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপের পাশাপাশি প্রযুক্তি খাতের বাইরের প্রতিষ্ঠানেও কাজ করতে আগ্রহী তিনি। প্রয়োজনে অন্য শহরে স্থানান্তরিত হওয়া এবং ফ্রিল্যান্স বা চুক্তিভিত্তিক কাজ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

রেডিট পোস্টে ওই প্রকৌশলী নিয়োগদাতা ও পরিচিতদের উদ্দেশে চাকরি বা রেফারেলের জন্য সহযোগিতা চেয়েছেন। তাঁর দাবি, ব্যাকএন্ড, ফুল-স্ট্যাক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা তাঁকে একটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত স্বাধীনভাবে সম্পন্ন করার সক্ষমতা দিয়েছে।

চাকরি হারানোর ধরন নিয়েও আলোচনায় প্রশ্ন ওঠে। তিনি জানান, তাঁর চাকরি ছাড়ার নথিতে বিষয়টি ‘ভলান্টারি সেপারেশন’ বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর ভাষ্য, বাস্তবে কর্মীদের সামনে চাকরি ছেড়ে যাওয়া ছাড়া তেমন কোনো বিকল্প ছিল না।

এদিকে সাম্প্রতিক সময়ে মাইক্রোসফট একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানায়, যা তাদের মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। এর মধ্যে এক্সবক্স ও বাণিজ্যিক বিক্রয় বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুধু এক্সবক্স বিভাগ থেকেই প্রায় ১ হাজার ৬০০ কর্মী চাকরি হারান।

মাইক্রোসফট সে সময় জানিয়েছিল, কাজের ধরনে পরিবর্তনের সঙ্গে এসব ছাঁটাইয়ের সম্পর্ক রয়েছে। বাতিল হওয়া পদগুলোর জায়গায় সরাসরি এআইকে নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে একই সঙ্গে স্বীকার করা হয়, কর্মীদের প্রতিদিনের কিছু কাজ এখন এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।