https://www.voiceofpeople24.com/

4492

science-technology

ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

প্রকাশিত : ১২ জুন ২০২৬ ২১:০৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই সেবা বিঘ্নের ঘটনা ঘটে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের ব্যবহারকারীরাও এ সময় প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যার কথা জানান।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে পাঁচ হাজার ৭০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় জটিলতা শনাক্ত করা হয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং কেউ কেউ অ্যাপে প্রবেশ করতেও ব্যর্থ হন। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশেও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্নের অভিজ্ঞতার কথা জানান বহু ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও বিকল্প প্ল্যাটফর্মে এ নিয়ে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেন তারা।

তবে কী কারণে এই সেবা বিভ্রাট ঘটেছে, সমস্যাটি কতক্ষণ স্থায়ী হতে পারে কিংবা কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই সেবা বিঘ্নও ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও উদ্বেগের সৃষ্টি করেছে।