https://www.voiceofpeople24.com/

4949

national

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ আসামিকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬ ১৬:৫৬

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (২৫ আগস্ট) শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তিন সাবেক সামরিক কর্মকর্তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেপ্তার দেখানো অপর তিন আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান। এর মধ্যে মাহবুব আলম ও আনোয়ার লতিফ খান অন্য মামলায় আগে থেকেই ঢাকার সেনানিবাসের সাবজেলে রয়েছেন।

শেখ হাসিনা ছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হতে নির্দেশ পাওয়া অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব ও সাবেক সেনা কর্মকর্তা আশিকুর রহমান।

এর আগে গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময় অন্য মামলায় গ্রেপ্তার থাকা তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করার পাশাপাশি আটজনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা অনুযায়ী চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ওই ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল।