https://www.voiceofpeople24.com/

4958

politics

তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে কাজ করবে সরকার: নজরুল ইসলাম খান

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬ ২১:৫৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন ও উন্নয়নের জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই কাজে জাতীয় পার্টিও (কাজী জাফর) থাকবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিগত দিনের বিভিন্ন আন্দোলনে বিএনপির পাশে ছিল কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। কাজী জাফর আহমদ ছিলেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিভিন্ন শ্রমিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন থেকে রাজনীতিবিদদের শেখার অনেক কিছু রয়েছে।

স্মরণসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান এবং দলের মহাসচিব কাজী মো. নাহিদ।