https://www.voiceofpeople24.com/

4434

sylhet

বিদ্যুৎ-জ্বালানির বাড়তি দাম প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান

প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ২০:৩০

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। সংগঠনের নেতারা বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, সরকার ক্ষমতায় যাওয়ার আগে নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও মাত্র তিন মাসের মাথায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এর আগে জ্বালানি তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ এমনিতেই চাপে রয়েছে। নতুন করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো জনদুর্ভোগ আরও বাড়াবে।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার ধারাবাহিকভাবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে এবং বিভিন্ন বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, মূল্যস্ফীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন অনিয়মে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তিনি জনগণের স্বার্থে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, অ্যাডভোকেট আলিম উদ্দিন, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও মু. আজিজুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।