https://www.voiceofpeople24.com/

4979

sylhet

গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবি, সিলেট থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬ ১১:০৭

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ বন্ধ এবং অসহনীয় লোডশেডিং নিরসনের দাবি জানিয়েছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানো হলে সিলেট থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (৩১ আগস্ট) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব মকসুদ হোসেন।

সরওয়ার আহমদ চৌধুরী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। অসহনীয় লোডশেডিংয়ের প্রভাব পড়ছে মানুষের কর্মজীবন, শিক্ষার্থীদের পড়াশোনা এবং জাতীয় অর্থনীতিতে।

তিনি দাবি করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের ৬২টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। ময়মনসিংহে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরে ২০ থেকে ২২ শতাংশ কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের শিল্পাঞ্চলে উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ শতাংশ কমেছে। বাসাবাড়িতেও গ্যাসের চাপ কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

সরওয়ার আহমদ চৌধুরী বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। মানুষের নিজের ঘরেও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব মকসুদ হোসেন বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। তিনি প্রিপেইড মিটার বাতিল করে গ্যাসের মতো বিদ্যুতের ক্ষেত্রেও প্রিপেইড মিটার চালুর দাবি জানান।

এ ছাড়া নগরের পানির সংকট ও দুর্ভোগ দূর করা এবং ফুটপাত হকারমুক্ত রাখার দাবিও জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আকরাম আল সাহান, শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় নেতা ডা. অরুণ কুমার দেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।