https://www.voiceofpeople24.com/
4680
politics
প্রকাশিত : ২০ জুলাই ২০২৬ ১১:০৯
জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরার বীরত্ব ও আত্মত্যাগ স্মরণে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠানে আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন কোনো উদ্যোগ নেওয়া হলে উত্তরার জনগণই সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এ সময় তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরে ধীরগতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, উত্তরা ছিল গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান প্রতিরোধকেন্দ্র। তাঁর ভাষায়, ‘২৬ জুলাই উত্তরার জনগণের গণভবনমুখী ঐতিহাসিক যাত্রাই শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল। উত্তরার এই অবদান জাতি কখনো ভুলবে না।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দুই বছর আগে এই দিনে আমাকে গুম করা হয়েছিল। সেদিন আরও অনেক মানুষকে গুম করা হয়েছিল। আমাদের একটাই দাবি—স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হলে ভবিষ্যতেও স্বৈরাচার ফিরে আসার ঝুঁকি থেকে যাবে।’
আওয়ামী লীগের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের ফিরে আসার সুযোগ নেই। তাঁর দাবি, সাহস থাকলে তারা পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতো। তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হয়, তাহলে সেই প্রতিরোধের সূচনা হবে উত্তরা থেকেই।’
বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখন বিএনপিই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর অভিযোগ, দলটি ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে এবং জুলাই সনদ নিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বিএনপিকে নোট অব ডিসেন্ট প্রত্যাহার করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি সংবিধান সংশোধনের আগে বিএনপিকে নিজেদের অবস্থান সংশোধনেরও আহ্বান জানান।
প্রতিবেশী রাষ্ট্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যে প্রতিবেশী আমাদের পরিবারের সদস্যদের হত্যা করে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা সম্ভব নয়।’
অনুষ্ঠানে তিনি চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধারা।