https://www.voiceofpeople24.com/

5292

sylhet

সেপ্টেম্বর মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের

প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৫৫

আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।এরমধ্যে ১১ জনই সিএনজি ও টমটম এর  চালক ও আরোহী।

সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে মৌলভীবাজার জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। 

প্রতিবেদনে সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো,অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলানো,মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।

রবিবার  নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর  মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। 

সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ৮টি  সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন চালক ও ২টি সড়ক দূর্ঘটনায় ২ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৮টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

 এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য,আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।