https://www.voiceofpeople24.com/
4543
sports
প্রকাশিত : ২০ জুন ২০২৬ ১৫:০৩
হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। একটি গোল ও একটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে জানিয়েছেন, বিয়ার নয়, ভাত-ডাল ও মাংসই তার সবচেয়ে পছন্দের খাবার।
পুরস্কার গ্রহণের সময় হাস্যরসের ছলে ভিনিসিয়াস বলেন, ‘আমি বিয়ার পান করি না। তাই এই পুরস্কারটা আমার জন্য একটু ভিন্ন। বন্ধুদের সঙ্গে সাধারণত ভাত, বিনস, ফ্রেঞ্চ ফ্রাই আর মাংস খাই। এগুলোই আমার সবচেয়ে প্রিয় খাবার।’
শনিবার ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন ভিনিসিয়াস। লুকাস পাকুয়েতার দারুণ এক পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
ম্যাচে জোড়া গোল করা মাথিয়াস কুনহার প্রশংসাও করেন ভিনিসিয়াস। তিনি বলেন, ‘প্রতিপক্ষ অনুযায়ী কোচ ফরমেশন ও খেলোয়াড় নির্বাচন করেন। কুনহা অসাধারণ খেলেছে। সে কঠোর পরিশ্রম করে এবং আজ তার প্রাপ্যটাই পেয়েছে। তার জন্য আমি খুবই খুশি।’
নিজের পারফরম্যান্স ও দলের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভিনিসিয়াস জানান, প্রথম ম্যাচে ড্রয়ের পর দলটি কিছুটা চাপে ছিল। তবে হাইতির বিপক্ষে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছে।
এদিকে মাঠে নিজের পজিশন নিয়েও মজার মন্তব্য করেন রিয়াল মাদ্রিদ তারকা। তার ভাষায়, ‘কোচ আমাকে মাঝখানে খেলতে বলেছিলেন। সত্যি বলতে আমি এই পজিশন খুব একটা পছন্দ করি না। কিন্তু মজার ব্যাপার হলো, মাঝখানে খেললেই আমি গোল পাই। হয়তো আমাকে আরও বেশি সময় এই জায়গাতেই খেলতে হবে।’