https://www.voiceofpeople24.com/

4522

sports

ভয়াবহ ফাউল করেও সাজা পেলেন না মেসি!

প্রকাশিত : ১৭ জুন ২০২৬ ১৬:১৫

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। তবে আলজেরিয়ার বিপক্ষে একতরফা ম্যাচে হ্যাটট্রিক করেও বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের এক পর্যায়ে বলের দখল নেওয়ার লড়াইয়ে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনের অংশে আঘাত করেন মেসি। ঘটনাটি বেশ বিপজ্জনক ছিল বলে মনে করছেন অনেক ফুটবলপ্রেমী। ফাউলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ঘটনার পর আলজেরিয়াকে ফ্রি-কিক দেওয়া হলেও মেসিকে কোনো কার্ড দেখাননি রেফারি সিজিমন মারসিনিয়াক। এমনকি ভিডিও সহকারী রেফারিও (ভিএআর) বিষয়টি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি। যদিও ফাউলের পরপরই প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে ক্ষমা চান আর্জেন্টাইন অধিনায়ক। কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সমর্থক। তাদের দাবি, অন্য কোনো খেলোয়াড় এমন ফাউল করলে হয়তো শাস্তির মুখে পড়তে হতো। তাই মেসি তারকা হওয়ায় বাড়তি সুবিধা পেয়েছেন কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, দুটি ম্যাচে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকতে হয়। সেই হিসাবে এই ঘটনায় কার্ড এড়িয়ে যাওয়ায় আর্জেন্টিনা শিবির স্বস্তি পেলেও ফুটবল অঙ্গনে আলোচনা থামছে না।